ওয়ালটন ‘বাংলাদেশ-ভারত’ হুইলচেয়ার ক্রিকেট সিরিজের ফাইনাল ম্যাচ শনিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ ও ভারত একটি করে জয় পাওয়ায় সিরিজের শেষ ম্যাচে হবে শিরোপার নিষ্পত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়।

এদিন প্রথম ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ মহসিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাটিং করে ভারত ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৪৪ রানে জয় পায় ভারত।

প্রথম ম্যাচে হার মানলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১৬৭ রান তুলে নেয়। দুই ব্যাটসম্যান মিঠু ও উজ্জ্বল হাফ-সেঞ্চুরির স্বাদ পান। ২৫ রানের ব্যবধানে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে দলকে চাপমুক্ত করেন মোর্শেদ ও মহিদুল। চতুর্থ উইকেটে ১৬১ রানের জুটি গড়ে পাঁচ বল আগে দলকে জয়ের স্বাদ দেন দুজন। ১১ চার ও ১১ ছক্কায় ২৮ বলে ১১০ রান করেন মোর্শেদ। মহিদুলের ব্যাট থেকে আসে ৫৮ রান।
এর আগে সকালে দুই দেশের হুইলচেয়ার ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।