তিন সপ্তাহ ধরে বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশনে ভুগছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পুরোপুরি সেরে ওঠার কোনও লক্ষণ নেই।
চোখের চিকিৎসক বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তাতেও পুরোপুরি সেরে না উঠলে সৈকতকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হতে পারে। বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানালেন এমনটাই।
প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু চোখের ইনফেকশনের কারণে বাদ পড়তে হয় দল
ঘোষণার পরের দিনই। এখনো বাংলাদেশ ক্রিকেট টিমের পর্যবেক্ষণে আছেন মোসাদ্দেক। উন্নতি না হলে পাঠানো হতে পারে দেশের বাইরেও।
চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, “বিদেশে পাঠানো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরো কয়েকটা দিন দেখার জন্য বলা হয়েছে। যে দেশেই নেন না কেন, সময় লাগবেই। তিন সপ্তাহ হয়ে গিয়েছে। আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করবো। যদি তেমন উন্নতি না হয় তাহলে আমরা তাকে বিদেশে পাঠানো নিয়ে ভাববো। সেক্ষেত্রে থাইল্যান্ডের নাম প্রস্তাব করা হবে। ”
বাম চোখের কর্নিয়াতে ইনফেকশন হয়েছে মোসাদ্দেকের। চোখের অসুস্থতার কারণে চট্টগ্রামে বাংলাদেশ দলের সাত দিনের ক্যাম্পেও যোগদান করেননি তিনি। ঢাকায় দলের সাথে অনুশীলন করলে রৌদ্রে সমস্যা হচ্ছিল মোসাদ্দেকের। জ্বালাপোড়া অনুভব করছিলেন চোখে। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ছিটকে যেতে হয় তাকে। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পান মুমিনুল হক।





