উখিয়া স্টেশন জামে মসজিদের দেয়াল ঘেঁষে বসে আছে ৪টি রোহিঙ্গা পরিবার। উৎসুক জনতার ভিড় দেখলে কি হয়েছে দেখার আগ্রহ জাগে প্রতিবেদকের। জনতার ভীড়ের ভিতর থেকে দেখা যায় চার রোহিঙ্গা পরিবারকে।

৪ পরিবারের কাছে রয়েছে ৪টি বস্তা। বস্তার ভিতর রয়েছে কিছু খাবার, আর থালা-বাসন। বলছিলাম বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার ঘটনা। পরিবারগুলো বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের রেজু আমতলি এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছে। পথ ভুলে এরা উখিয়া স্টেশনে চলে এসেছে।

জানা গেছে, ২০১৬সালের ৯ অক্টোবর সেনা ও রাখাইন উগ্রবাদিদের হাতে রোহিঙ্গা নির্যাতনে ক্ষত চিহ্ন মুছতে না মুছতে ফের মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মংডু, বুচিডং ও রাচিডং জেলায় অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটাচ্ছে এক সপ্তাহ ধরে। নতুনভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতনের আশংকায় এসব এলাকা থেকে রোহিঙ্গা মুসলিমরা আবারো বাংলাদেশে অনুপ্রবেশের আশংকা করছে স্থানীয় লোকজন।

এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ১১ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে উখিয়ার বালুখালী ও কুতুপালং এবং টেকনাফের লেদা ও মুছনি ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে এনজিও সংস্থার রিপোর্টে বলা হলেও সরকারি ভাবে এর কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মনজুরুল হাসান খান বলেন, কক্সবাজার বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে কোন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আমাদের কাছে নেই। তবে বিচ্ছিন্নভাবে অনাকাঙ্খিত ভাবে কয়েকজন রোহিঙ্গা গোপনে চুরি করে সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও তা প্রতিহত করা হচ্ছে বলে টেকনাফ বিজিবি অধিনায়ক জানান।