ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সৃষ্ট বিতর্ক অবসানে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেই বিতর্কের সূচনা করছেন, সরকার করেনি। তাই তারই পদত্যাগ করা উচিত।

আজ বৃহস্পতিবার ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনাসহ সরকারের অবস্থানের কথা তুলে ধরতে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজেই স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করলে বিতর্কের অবসান ঘটাতে পারেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘রায়ের পর্যবেক্ষণে একাত্তরের শান্তি কমিটি দিনে রাজাকারি রাতে মুক্তিযুদ্ধের সহায়তাকারী—এ মন্তব্য দিয়ে তিনি (প্রধান বিচারপতি) রাজাকারদের হালাল করার সুদূরপ্রসারী পরিকল্পনার ফাঁদ পাতছেন কি না, তা খতিয়ে দেখতে হবে।’

এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে—জানতে চাইলে মন্ত্রী বলেন, এ রায় গ্রহণযোগ্য নয়। ফলে কীভাবে একে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারসহ রায় পুনর্বিবেচনা করা যায়, সেটা বিশ্লেষণ করা হচ্ছে। এ ছাড়া প্রধান বিচারপতির বিষয়ে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কী ভূমিকা রাখতে পারেন, সেটা নিয়েও আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিচার বিভাগ সংবিধানের অভিভাবক, কিন্তু জনগণের অভিভাবক নয়। এই পর্যবেক্ষণের মাধ্যমে প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।