কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগ বন্যার্ত ও পানিবন্দী ১ হাজার ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু) বিতরণ করেছেন।
বুধবার (২৩ আগস্ট) দিনব্যাপী পৌরসভা এলাকার ভেলাকোপা, মণ্ডলপাড়া ও ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়, নওদাবস, হলোখানা ইউনিয়নের বড়াইবাড়ির চর, পাঁচগাছী ইউনিয়নে চর কদমতলাসহ বিভিন্ন চর এলাকায় এসব রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ পাওয়া কদমতলার মোকছেদ আলী বলেন, ‘বন্যায় আমার দুইটি ঘর ভেসে গেলেও আমি কোন ত্রাণ সামগ্রী পাইনি। এই প্রথম মহিলা আওয়ামী লীগের দেওয়া ত্রাণ সামগ্রী পেয়ে আমিসহ আমার চার সদস্যের পরিবার সামান্যতম হলেও খাবার পেলাম।’
খাবার বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আহমেদ নাজনীন সুলতানা, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা বেগম, আইন বিষয়ক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, রাশিদা খাতুন, সদর উপজেলা সভানেত্রী রওশন আরা, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, ত্রাণ সমন্বয়কারী দিলরুবা বেগম ঝুমা প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আহমেদ নাজনীন সুলতানা ও মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা বেগম পরিবর্তন ডটকমকে বলন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না এই কথাকে সামনে রেখে আমরা বন্যা বিধ্বস্ত কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। আমাদের নিজেদের সংগৃহীত অর্থ দিয়ে আমরা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।’





