উত্তর কোরিয়া ইস্যুতে নতুন করে চীন ও রাশিয়ান কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া যেসব ব্যক্তি পিয়ংইয়ংয়ের পরমাণু প্রকল্পে সমর্থন দেবেন তাদের উপরও অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে মঙ্গলবার এক সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য হুমকি হয়ে উঠছে। তাই দেশটিকে এই প্রকল্প থেকে থামাতে যে কোনো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হুমকি দেওয়ারও অভিযোগ করেন।
অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভুলকে শুদ্ধ করার আহবান জানিয়েছে।
উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়ারও অভিযোগ করেছে।
এদিকে জাতিসংঘে পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।
এদিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি জু ইয়ং চোল বলেন, উত্তর কোরিয়া তার পরমাণু প্রকল্প এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাবে। আমরা এতে অন্যায় কিছু করছি না। দেশকে কেবল শক্তিশালী করছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতোদিন শত্রুতার নীতি পরিহার না করবে এবং পরমাণু হামলার হুমকি দেবে ততোদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসবো না। রয়টার্স।





