গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী। এ ঘটনায় মামলা করার কথা বলা হলে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে ওই স্কুল ছাত্রীর পিতাকে নানা ধরণের হুমকি দেয়া হয়।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় (১৫ আগস্ট) ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শুয়া গ্রাম মন্দির থেকে নাম কীর্তন গান শুনে বাড়ী ফেরার পথে শুয়া গ্রামের খোকন বৈদ্যর ছেলে অনিক বৈদ্য (১৯), রামগোবিন্দ বৈদ্যর ছেলে দিপংকার বৈদ্য (২৫), নির্মল বৈদ্যর ছেলে রনি বৈদ্য (১৮) ও তারন বৈদ্যর ছেলে শিমুল বৈদ্য (১৯) শুয়াগ্রাম ব্রীজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা মামলা করার পদক্ষেপ নিলে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে নানা ধরণের হুমকি দেয়া হয়। বিষয়টি নিয়ে শুয়াগ্রামের বৈদ্য বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার সালিশ বৈঠক করে। সালিশ বৈঠক থেকে ওই ছাত্রীর পিতাকে মামলা করতে নিষেধ করা হয়।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, গত সোমবারও (২১ আগস্ট) শুয়াগ্রামের বৈদ্য বাড়ীতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক থেকে আমাকে নানা ধরণের হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।