রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়া গ্রামে দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী ইলিয়াছ আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীর জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৪ সালের ১৮ জুলাই রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়া গ্রামে আমজাদ হোসেনের ছেলে ইলিয়াছ আলী রাত সাড়ে ১০টার দিকে ছোট স্ত্রী মকসুদা বেগমকে শুয়ে থাকা অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনা দেখে তার বড় স্ত্রী মোমেনা বেগম চিৎকার করে বাড়ির বাইরে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্বামী ইলিয়াছ তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গ্রামবাসীরা সমবেত হয়ে ইলিয়াছকে আটক করে মিঠাপুকুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ইলিয়াছকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ দুই গৃহবধূ মাকসুদা ও মোমেনার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই এরশাদ আলী ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আসামি ইলিয়াছ আলীর নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, আসামি ইলিয়াছ আলী রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের সময় আদালতে নিজের দোষ স্বীকার করেছিল। কিন্তু আদালত তার এ বিষয়টি যুক্তিযুক্ত মনে করেনি। ফলে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি ইলিয়াছকে কার্যবিধি আইনের ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী সরকারী কৌশুলী (পিপি) আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, দুই স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা করার অপারাধে তাকে মৃতুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আমজাদ হোসেন অ্যাডভোকেট জানান, এ রায় যথাযথভাবে হয়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।





