স্মিথ বাহিনী ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দুই দিন আগে থেকেই। আজ সকালে ভেন্যু পরিদর্শণ করে এসে প্রস্তুতি ম্যাচটি না খেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় টিম অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।
ফতুল্লায় দুর্গন্ধের জন্যই প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। অসি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে একাডেমি মাঠে দুই দিন সেন্টার উইকেটে অনুশীলন করাকেই অধিকতর ভালো মনে করছে অস্ট্রেলিয়া।’
আজ সকালে পৌনে আটটায় ফতুল্লায় যান অসি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে তারা প্রস্তুতি ম্যাচ না খেলার ঘোষণা দেন। অসি প্রতিনিধিদের পরিদর্শণের সময় মাঠে ছিলেন ফতুল্লার কিউরেটর বেলাল।





