ভারতের বিহার রাজ্যে গরুর মাংস খাওয়ার গুজবে সাত মুসলিমকে মারধর করেছে গো-রক্ষাকারী উগ্রবাদী হিন্দুরা। বৃহস্পতিবার বিহারের পশ্চিম চম্পারান গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো ওই মুসলিমদের আটক করে নিয়ে যায়।

এক প্রতিবদেন বলা হয়, উগ্রবাদী হিন্দুদের একটি দল ওই গ্রামের মুসলিম বাসিন্দা মোহাম্মদ সাহাবুদ্দিন ও কুদ্দুস কুরেশির ঘরে প্রবেশ করে। আগের রাতে তারা গরু চুরি করেছেন এবং মাংসের জন্য জবাই করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ওই দুই ব্যক্তি ও তাদের প্রতিবেশীদের কয়েকজনকে একটি কক্ষে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক পেটায় উগ্রবাদী হিন্দুরা। পুলিশ এসে ওই মুসলিমদের নিয়ে আটক করে নিয়ে যাওয়ার সময় পাথর নিক্ষেপ করে গো-রক্ষাকারী উগ্র হিন্দু গোষ্ঠী।
‘প্রাণীর প্রতি নির্মমতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার অভিযোগে মারধরের শিকার সাত মুসলিমকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার ঝা বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি কারণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি।’