সৌদি দূতাবাস রোববার পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়িয়েছে সৌদি দূতাবাস। হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামকে উদ্ধৃত করে শুক্রবার বাসস এ তথ্য জানিয়েছে।

হজ ক্যাম্পের পরিচালক বলেন, ‘সৌদি দূতাবাস রোববার পর্যন্ত আমাদের ভিসা গ্রহণের সময় বৃদ্ধি করেছে।’

বৃহস্পতিবার ছিল ভিসা আবেদন জমা দেয়ার শেষ দিন। কিন্তু ওই শেষ সময় পর্যন্ত পাঁচ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি।
সাইফুল ইসলাম বলেন, ‘আজ আমরা অনেক আবেদন পেয়েছি। শনিবারের মধ্যে অধিকাংশ আবেদন জমা দেয়া সম্ভব হবে।’
তিনি জানান, এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের কাছে সোমবার পর্যন্ত ভিসার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
এখন পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৭৩ জন ভিসা পেয়েছেন। এরমধ্যে ৭৩ হাজার ৪৫ জন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ ২৬ আগস্ট এবং সৌদি এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করবে।