পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শুক্রবার প্রথম দিনেই ছিল টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। এদিন বিক্রি হয়েছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল ৮ টায় নির্ধারিত সময়ে টিকেট বিক্রি শুরু হলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছে যাত্রীরা। বিকাল ৪টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করেছেন ঈদে ঘরমুখো অন্তত সাড়ে ২২ হাজার যাত্রী।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে রেলওয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বিকেলে পরিবর্তন ডটকমকে বলেন, ‘আজ ২৭ আগস্টের টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর থেকে প্রতিদিন ৩১টি ট্রেনের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হবে।
তিনি বলেন, এর মধ্যে ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্মতা-কর্মচারীদের জন্য বরাদ্দ এবং বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।
স্টেশন ম্যানেজার জানান, টিকিট প্রত্যাশীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে পারছেন। আজ যারা লাইনে আছেন, আশা করছি সবাই টিকিট পেয়েছেন।
সরেজমিনে সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
তারা জানান, ভিড় থাকলেও তা অসহনীয় নয়। কথা বলে জানা গেছে, টিকিট প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, মোট ২৩টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২২ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল কবীর সোহাগ পরিবর্তন ডটকমকে বলেন, ‘যশোরের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি সকাল ৬টায়, এখন ৯টা। যেভাবে লাইন আগাচ্ছে আরো দুই ঘণ্টার মত লাগতে পারে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ট-এর শিক্ষার্থী মোস্তাক আহমেদ টিকিট পেয়েছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘টিকিট পেয়ে খুব ভালো লাগছে। আমি ভোর ৫টায় লাইনে দাঁড়িয়েছি। তখন এসেও দেখি অনেকেই আরো আগে থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন।’
একটি পোশাক কারখানা শ্রমিক সেলিনা আক্তার পরিবর্তন ডটকমকে বলেন, ‘আজ শুক্রবার হওয়ায় ছুটি পেয়ে টিকিট নিতে এসেছি। আমি ৩১ আগস্টের টিকিট নিতে চাই। কিন্তু আজ শুধু ২৭ আগস্টের টিকেট দিচ্ছে। এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কি করব।’

কোনদিনের টিকিট কবে?
২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট ১৮ আগস্ট
২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট
২৯ আগস্টের যাত্রীদের টিকিট ২০ আগস্ট
৩০ আগস্টের যাত্রীদের টিকিট ২১ আগস্ট
৩১ আগস্টের যাত্রীদের টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।