ছোট থেকেই লিখতে ভালোবাসেন আব্রাহম বেঞ্জামিন ডিভিলিয়ার্স। ভাবছেন ইনি আবার কে! বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের ক্যাপ্টেন তিনি। সকলে চেনেন এবি ডিভিলিয়ার্স নামে।

বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তার নাম রয়েছে একেবারে উপর দিকে। আপাতত, ভারতের নানা প্রান্তে তিনি আইপিএলের ম্যাচ খেলে বেড়ান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। সেই এ বি ডিভিলিয়ার্স নিজেই এক বেফাঁস কথা বলে ফেললেন নিজের সম্পর্কে।

সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানি মঁ ব্ল্যা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে এ বি ডিভিলিয়ার্সকে। কলমের জগতে এই কোম্পানির ঊর্ধ্বে আর কোনও নাম মাথায় আসে না। সেই অনুষ্ঠানেই জীবনের এক গোপন তথ্য ফাঁস করে দেন তিনি।

স্কুলে পড়াকালীন অনেক মেয়েকেই কখনও না কখনও তার ভাল লেগেছে বলে জানিয়েছেন এবিডি। কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে তার মনের কথা কোনও দিনই বলতে পারেননি এই বিধ্বংসী ব্যাটসম্যান। মনের কথা তাই লিখে ফেলতেন চিঠিতে।

কিন্তু সেই প্রেমপত্রগুলিও কখনও গিয়ে পৌঁছোয়নি সঠিক হাতে। স্কুল জীবনের শেষে গিয়ে সেই প্রেমপত্রের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ৩০টির কাছাকাছি। আর এ সবকটিই তিনি লুকিয়ে রেখেছিলেন তার ঘরের ছাদে।

অনুষ্ঠানে বেশ রসিকতা করেই ছোটবেলার প্রেমের গল্প বলেছিলেন এ বি ডিভিলিয়ার্স। সঙ্গে তিনি আরও বলেন যে, লেখার এই গুণ পরবর্তীকালে নিজের স্ত্রীয়ের উপর প্রয়োগ করেন। রোম্যান্টিক ডিভিলিয়ার্স একটি চিঠি লিখে স্ত্রীর পাসপোর্টের ভিতরে রেখে দেন। বাড়ি পৌঁছে তিনি জানান কতটা খুশি হয়েছেন সেই চিঠি পেয়ে।