পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যা চলবে মঙ্গলবার (২২ আগস্ট ) পর্যন্ত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ২৭ থেকে ৩১ আগস্ট ভ্রমণের টিকিট প্রচলিত নিয়মানুসারে ১০ দিন পূর্বে যথাক্রমে ১৮ থেকে ২২ আগস্ট টিকিট বিক্রি করা হবে। ঢাকা ও চট্রগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
মন্ত্রী জানান, আগামী ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। ক্রমান্বয়ে ১৯, ২০, ২১, ২২ আগস্ট যাত্রীরা যথাক্রমে ২৮, ২৯, ৩০, ৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন। ২৫ আগস্ট ৩ সেপ্টেম্বরের ফিরতি টিকিট বিক্রি করা হবে। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮, ২৯ আগস্ট যাত্রীরা যথাক্রমে ৪, ৫, ৬, ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট কিনতে পারবেন বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। বরাদ্ধকৃত টিকেট ছাড়া সব টিকিটই কাউন্টারে বিক্রি করা হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধে সকল বড়-বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে।





