আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ বৈঠকের পর জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের বিরুদ্ধে, আপিল বিভাগের বিরুদ্ধে, প্রধান বিচারপতির বিরুদ্ধে যেভাবে বিষাদকার করছে, অশালীন বক্তব্য, কটুক্তি করেছে তাতে করে দেশে রাষ্ট্র, সরকার, গণতন্ত্র ও সংবিধান বলে আছে কিনা তা জনমনে সন্দিহান হয়েছে।
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।
রাষ্ট্র ধ্বংসের জন্য নতুন করে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা জনমনে প্রশ্ন জেগেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন ষোড়শ সংশোধনী বাতিলের রায় কেন্দ্র করে বিচার বিভাগ ও সরকার এবং আওয়ামী লীগের নেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেই সময়ে স্বয়ং প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সাথে যে সাক্ষাৎ হয়েছে তাতে সমগ্র জাতি উদ্বিগ্ন।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।





