সেরাদের মঞ্চে অনেক আগেই জাত চিনিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। সমৃদ্ধ করেছেন অভিজ্ঞতার ঝুলি, সেই সাথে কুড়িয়েছেন নাম, সখ্যতা গড়েছেন বিশ্ব সেরাদের সাথে, এমনই একজন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
সম্প্রতি নিজের টুইটার একাউন্টে মুস্তাফিজকে বলেছিলেন, ‘শীঘ্রই দেখা হচ্ছে’। নানা শঙ্কার জাল ভেদ করে এই বন্ধুত্ব এবার মাঠের লড়াইয়ে গড়াচ্ছে। যা এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও কাঁধের ইনজুরি হঠাতই কালো মেঘ হয়ে দেখা দিয়েছিল ওয়ার্নারের কাঁধে, তবে সেই শঙ্কা এবার কেটে গেল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট টিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে বাংলাদেশে আসছে স্মিথ-ওয়ার্নারা।
ডারউইনে অনুশীলন ম্যাচে পেসার জস হ্যাজেলউডের বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মঙ্গলবার মাঠ ছেড়েছিলেন অজি ওপেনার। তাই প্রশ্ন, দেখা হবে কি দুই বন্ধুর? বাংলাদেশ সফরকে সামনে রেখেই ডারউইনে ওই অনুশীলন ক্যাম্প আয়োজন করেছে অস্ট্রেলিয়া। অনুশীলন শেষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে দুই একাদশের নেতা হিসেবে মুখোমুখি হন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। কিন্তু শেষ দিনে দলের সহ-অধিনায়কের এমন পরিণতি ভাবিয়ে তুলেছিল অজি টিম ম্যানেজম্যান্টকে। তিনি আদৌ বাংলাদেশ সফরে আসতে পারবেন কিনা সেটা নিয়েও তৈরী হয়েছিল দুঃশ্চিন্তা। তবে তিনি এখন সুস্থ আছেন বলে জানালেন অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেহম্যান। তিনি বলেন, 'তার ইনজুরি গুরুত্বর ছিলো না। এখন সে সুস্থ আছে। খুব শিগগিরই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। '
প্রসঙ্গত, ২০০৬ সালের পর এটাই প্রথম অজিদের বাংলাদেশ সফর। আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।





