অবাক হওয়ার মতো বহু ঘটনাই মাঝেমধ্যেই সামনে আসে। তবে চিনের ফিঝোউ প্রদেশের এই ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে যায়। নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে প্লাস্টিকে ভরে ক্যুরিয়ার করলেন মা। শিশুটির কান্না শব্দে তাকে উদ্ধার করেন কুরিয়ার সার্ভিসের এক কর্মী। এরপর পুলিশে খবর দেন তিনি।

গত বৃহস্পতিবার চীনের ফিঝোউ প্রদেশে এ ঘটনা ঘটে। ওই সন্তানের অপরাধ, সে অবাঞ্চিত। গর্ভাবস্থায় তাকে নষ্ট করা যায়নি বলেই জন্মানোর পরে চরম পদক্ষেপ নিলো মা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ লউ নামে ওই মাকে গ্রেফতার করেছে।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বছর ২৪ এর এক তরুণী একটি প্যাকেটে নবজাতককে ভরে চিলড্রেন্স ওয়েলফেয়ার ইনস্টিটিউশন নামে এক শিশুকল্যাণ সংস্থার উদ্দেশে কুরিয়ার করে। ডেলিভারি নেওয়ার সময় কুরিয়ার সার্ভিস কর্মীদের প্যাকেটটি খুলতেও নিষেধ করেন তিনি। প্যাকেটটি অনাথ আশ্রমে পৌঁছে দেওয়ার সময় কান্নার শব্দ শুনতে পান কুরিয়ার সার্ভিসের এক কর্মী। এরপর তিনি সেটি খুলে রীতিমতো অবাক হয়ে যান। প্যাকেটের মধ্যে নবজাতক কন্যাশিশুটিকে দেখে পুলিশে খবর দেন ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। গ্রেফতার নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।