সাকিব আল হাসান হারানো শীর্ষস্থান আবার ফিরে পেলেন। মাত্র এক সপ্তাহ আর একটি টেস্টের ব্যবধান। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবারও তিনি এক নম্বরে। এমনি এক সুখবর সাকিবকে দিল আইসিসি কতৃপক্ষ।
শীর্ষস্থান ফিরে পেতে সাকিবকে কিছুই করতে হয়নি। যা করার রবীন্দ্র জাদেজা করেছেন। নেমে গেছেন দুইয়ে।
সত্যিকার অর্থে, জাদেজাকেও কিছু করতে হয়নি। নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি জাদেজা। তার অবনমন
নিশ্চিত হয়ে যায় নিষেধাজ্ঞা পাওয়ার পরই। টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা।
গত ৮ অগাস্ট প্রকাশিত র্যাঙ্কিংয়ে জাদেজা সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮। সাকিব দুয়ে ছিলেন ৪৩১ পয়েন্টে। সাকিবের পয়েন্ট একই আছে। জাদেজার কমে হয়েছে ৪৩০।
অলরাউন্ডারদের তিন-চার-পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। পাল্লেকেলে টেস্টে ৮৫ রান করে রাহুল ঢুকেছেন সেরা দশে। দুই ধাপ এগিয়ে তিনি উঠেছেন নয় নম্বরে।
একই টেস্টে ১১৯ রানের ইনিংসে ধাওয়ান এগিয়েছেন ১০ ধাপ, আছেন ২৮ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে অজিঙ্কা রাহানে নেমেছেন দশে। বোলারদের সেরা দশে নেই কোনো পরিবর্তন। পাল্লেকেলেতে না খেলেও শীর্ষে আছেন জাদেজা।
দলীয় র্যাঙ্কিংয়ে দুই পয়েন্ট বেড়ে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১০।





