কক্সবাজারের উখিয়ায় ফয়েজুল ইসলাম ফয়েজ নামের এক যুবলীগ নেতাকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় তার নাম্বারবিহীন দু’টি মোটরসাইকেল। আটক ফয়েজ উপজেলার পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কুতুপালং এলাকা থেকে আটক করা হয় যুবলীগ নেতা ফয়েজকে। অভিযানকালে ফয়েজের আরো তিন সহযোগী পালিয়ে গেছে। আটক যুবলীগ নেতা ফয়েজের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসী জানায়, মিয়ানমার সীমান্তের নিকটবর্তী বাড়ি হওয়ার সুযোগে ফয়েজ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তার রয়েছে শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের যুবলীগ নেতা ফয়েজকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "দু’টি মোটরসাইকেলে করে ফয়েজ এবং আরো তিনজন ইয়াবার একটি চালান পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ফয়েজকে হাতেনাতে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, ফয়েজকে আটকের সময় তার সঙ্গে থাকা আরো তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে, তাদের ব্যবহৃত মোটরসাইকেল দু’টি জব্দ করা হয়েছে।