ডারউইনে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে গিয়ে আহত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। জশ হ্যাজলউডের দেওয়া বাউন্সারে ঘাড়ে আঘাত পান তিনি গিয়ে। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে মাত্র চার রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ফেরার চেষ্টাটা সফল হলো না। ম্যাচের শেষ দিনে ব্যক্তিগত দুই রানের মাথায় হ্যাজলউডের দেওয়া বাউন্সার ওয়ার্নারের ঘাড়ে লাগে। তৎক্ষণাৎ ব্যাট রেখে হেলমেট খুলে ফেলেন অস্ট্রেলিয়ান এই সহ-অধিনায়ক।

ততোক্ষণে মাঠে চলে আসে দলের চিকিৎসক রিচার্ড শ। ওয়ার্নারকে আর ব্যাট করার ঝুঁকি নিতে দেননি তিনি। ফলাফল, রিটায়ার্ট হার্ট হয়ে ফিরতে হয় তাকে।

আঘাতের পরিমাণটা যে খুব গুরুতর নয় তা টের পাওয়া যায় ওয়ার্নারের মাঠ ছাড়া দেখেই। কারো সাহায্য ছাড়াই ড্রেসিংরুমে গিয়ে বসেন তিনি। সেখানে চিকিৎসক শ আঘাতের স্থানে বরফ দিয়ে শুশ্রূষা করেন। ওয়ার্নারের আঘাতের অবস্থা পরবর্তীতে কি অবস্থায় পৌঁছেছে সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রস্তুতি ম্যাচে ওয়ার্নার নিজে সুবিধা করতে না পারলেও ভালো করেছে তার নেতৃত্বাধীন দল ‘ওয়ার্নার একাদশ’। প্রথম ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত ৮৪ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৪৫ রানে চড়ে ছয় উইকেটে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করে স্টিভেন স্মিথ একাদশ। জবাবে  ছয় উইকেটে ৩৬০ রান করে ইনিংস ঘোষণা করে ওয়ার্নারের দল।

১৪ সদস্য নিয়ে অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে শুক্রবার। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭-৩১ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি ৪-৮ সেপ্টেম্বর গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।