যানজট রাজধানীবাসীর অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কবলে পড়ে নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময়। যানজট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কিছুই যেন কাজে আসছে না। প্রতিনিয়তই যানজটের তীব্রতা বেড়েই চলেছে।
বিশ্বব্যাংক প্রকাশিত ‘টোয়ার্ডস গ্রেট ঢাকা: এ নিউ আরবান ডেভেলপমেন্ট প্যারাডাইম ইস্টওয়ার্ড’ শীর্ষক খসড়া প্রতিবেদন অনুযায়ী, যানজটের কারণে ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর যানজটের কারণে বছরে যে আর্থিক ক্ষতি হয়, অঙ্কের হিসাবে তা প্রায় ৩০ হাজার কোটি টাকা। গত ১০ বছরে রাজধানীতে যানচলাচলের গড় গতি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটার পর্যন্ত নেমে এসেছে। যা পায়ে হেঁটে চলার গড় গতি (৫ কি.মি.) হতে একটু বেশি।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শহুরে জনসংখ্যার ৩৬ শতাংশ বৃহত্তর ঢাকায় বাস করে। ঢাকা এখন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর অন্যতম। মহানগরীর দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ঢাকার নগর উন্নয়ন কর্মকাণ্ড সামঞ্জস্য রাখা হয়নি। ফলে একটি বিশৃঙ্খল ও অসম নগরায়ন প্রক্রিয়ার মধ্যে গড়ে উঠছে ঢাকা। যথেষ্ট পরিকল্পনার অভাবে অত্যধিক ঘনবসতি, নিম্নমানের বসবাসযোগ্যতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশকে অবশ্যই ঢাকার শহরায়ন সম্প্রসারণে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
এদিকে, যানজট নিরসনে সরকার ফ্লাইওভার নির্মাণসহ নানারকম উদ্যোগ নিলেও কিছুই যেন কাজে আসছে না। প্রতিনিয়তই যানজট বেড়েই চলেছে। এমন অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। তারা বলছেন, যানজটের কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ সময়। এ সমস্যা থেকে তারা পরিত্রাণ চান।
ধানমন্ডির বাসিন্দা শ্রাবন আহসান বলেন, প্রতিদিনই বের হলে যানজটে পড়তে হয়। গরমে মাঝে মাঝে এ যানজটের কারণে অসহ্য লাগে। আমরা এ যানজট থেকে মুক্তি চাই। সরকারের কাছে আবেদন, যানজট দূরীকরণে সরকার যেন ব্যবস্থা নেয়।
বিশ্লেষকরা বলছেন, যানজট নিরসনে এখনই পদক্ষেপ নিতে হবে। নাহলে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে। ছোট ছোট প্রকল্পের সাথে স্থায়ীভাবে সমাধানের জন্যও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা বলছেন, ফ্লাইওভার দিয়ে রাজধানীর যানজট দূর হবে না। যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। শহরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান শহরের বাইরে সরিয়ে নিতে হবে। অন্যান্য জেলা শহরকে গুরুত্ব দিতে হবে। যাতেকরে জেলাগুলোতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। আর কর্মসংস্থানের সৃষ্টি হলে মানুষ রাজধানীমুখী কম হবে।
এ বিষয়ে নগর প্রকল্পবিদ প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক হাসান বিডি২৪লাইভকে বলেন, ফ্লাইওভার নির্মাণ করে স্থায়ীভাবে যানজট নিরসন করা প্রায় অসম্ভব। যানজট নিরসনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজধানীকে ডিসেন্ট্রালাইজ (বিকেন্দ্রীকরণ) করতে হবে। রাজধানীতে মানুষের চাপ কমাতে হবে। বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান শহরের বাইরে সরিয়ে নিতে হবে। কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা ছাড়া যানজট নিরসন করা যাবে না।





