শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে মাঠে নামার দু'দিন আগে ঐতিহাসিক অশোক বন ঘুরে দেখেছেন ভারতীয় ক্রিকেটাররা। সতীর্থদের সঙ্গে ছিলেন মোহাম্মদ শামি। শ্রীলঙ্কায় অশোক বন ঘুরে দেখার মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন ডানহাতি এই ফাস্ট বোলার। ব্যস! তাতেই ক্ষেপেছেন শামির ‘মৌলবাদী’ সমর্থকরা।
হিন্দু ধর্মাবল্বীদের কাছে অশোক বন মূলত সীতার স্মৃতি বিজড়িত এক স্থান। বিষ্ণু পুরাণ অনুসারে, অপহরণ করে এই অশোক বনেই সীতাকে আটকে রেখেছিলো রাবণ। পরবর্তীতে রাম এসে সেখান থেকে সীতাকে উদ্ধার করেন। হিন্দু ধর্ম এবং সীতার স্মৃতি বিজড়িত স্থানে শামি ঘুরতে যাওয়ার কারণেই ক্ষেপছে মৌলবাদীরা। মুহূর্তের মধ্যে শামির পোস্টে ধর্মের প্রলেপ লাগিয়ে বিতর্ক উসকে দেয় তারা।
নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়েছে কলম্বো টেস্ট। তাই ক্যান্ডিতে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে পাঁচদিন বিরতি পায় ভারত। এই সুযোগে গেল বৃহস্পতিবার ঐতিহাসিক অশোক বন ঘুরতে যান শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকা ভারতের প্রায় অধিকাংশ ক্রিকেটার। তবে অশোক বন ঘুরতে যাওয়ার স্মৃতিটা সুখকর হয়নি শামির জন্য। প্রথম দুই টেস্টে বল হাতে লঙ্কান ব্যাটসম্যানদের যতটা না বিব্রত করেছেন তার চেয়ে বেশি বিব্রত হচ্ছেন মৌলবাদীদের আক্রমণে।





