বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। আজ শনিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারটি বিভাগের ২০ জন শিক্ষার্থীকে তরুণ রাজনীতিক রাশেক রহমানের সহায়তায় পাঁচ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে। এতে রাশেক রহমান ছাড়াও খ্যাতনামা স্থপতি মঞ্জুর কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, "বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তির বিকল্প নেই। আজ চার বিভাগের ২০ শিক্ষার্থীকে টোকেন বৃত্তি প্রদানের মাধ্যমে এই যাত্রা শুরু হল। এ কার্যক্রম অব্যাহত থাকবে। " তিনি আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দেন। এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাশেক রহমান বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে জাতিকে শিক্ষিত করার বিকল্প নেই। তাই আমাদের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। সবাই এগিয়ে এসে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেই কেবল সেটা সম্ভব। "
ঘণ্টাব্যাপী চলা এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক জুবায়ের ইবনে তাহের, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকসহ রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





