‘আমরা তো সবাই খুব খুশি। এ তো আল্লার দান। আপনারা আমার তিন বাচ্চার জন্য দোয়া করবেন। ’ কথাগুলো বলার সময় চোখে-মুখে খুশির ঝলক দিচ্ছিল গৃহবধূ লাভলী বেগমের।
ফরিদপুর শহরের নিলটুলী এলাকার ডা. মোহাম্মদ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের গাইনি ওয়ার্ডের বিছানায় শুয়েছিলেন লাভলী বেগম (২৬)। পাশে আরেকটি বিছানায় শোয়া রয়েছে তার তিন নবজাতক রাবেয়া,আতিক ও মুকিত।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক আফরোজা পারভীন অস্ত্রোপচারের মাধ্যমে লাভলী তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। তিন নবজাতকের মা লাভলী বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাজনদী গ্রামের মালয়েশিয়া প্রবাসী লাবলু মোল্লার স্ত্রী। তার লিজা নামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে রয়েছে।
লাভলী বেগমের বাবা আইউব আলী বলেন, ‘পাঁচ মাস আগে আমরা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারি, আমাদের পরিবারে একসঙ্গে একাধিক শিশু আসছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে লাভলী তিন সন্তানের জন্ম দেয়। এরা একটি মেয়ে ও দু’টি ছেলে সন্তান। আমরা তাদের নামও রেখেছি। মেয়েটির নাম রাবেয়া এবং ছেলে দু’টির নাম রেখেছি আতিক ও মুকিত। ’
শিশু হাসপাতালের চিকিৎসক আফরোজা বেগম বলেন, ‘ছেলে সন্তান দু’টির ওজন এক কেজি আট শ গ্রাম করে এবং মেয়েটির ওজন এক কেজি সাত শ গ্রাম। ’ বর্তমানে তিন শিশুই ভালো আছে বলে জানান তিনি।





