বিরল রোগে আক্রান্ত মুক্তামনির রক্তনালির টিউমার অপসারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সফল অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে মুক্তামনিকে অস্ত্রোপচার কক্ষে ঢোকানো হয়। ২০ সদস্যের বেশি চিকিৎসকদের একটি দল জটিল এই অস্ত্রোপচারে যুক্ত থাকেন বলে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের জানিয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের ১২ বছরের মেয়ে মুক্তামনির ডান হাতে দেড় বছর বয়সে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে থাকে। বছর চারেক আগে এমন পর্যায় যায় যে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। আক্রান্ত হাতটি তার দেহের চেয়ে ভারি হয়ে উঠেছে, যন্ত্রণায় সব সময় অস্থির থাকে সে। মুক্তামনির খবর গণমাধ্যমে আসার পর তার চিকিৎসার দায়িত্ব নেয় সরকার, তাকে আনা হয় ঢাকায়।





