খাদ্যমন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ ও স্বাধীন বিচার বিভাগের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি খাদ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল আপনি কোন নৈতিকতা নিয়ে কথা বলছেন, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছেন ? আপনিতো সর্বোচ্চ আদালতে দোষী ও দন্ডিত অপরাধি। অপরাধী আপনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে এখনও মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। বিশ্বের ইতিহাসে এমন নজির কি কোথাও আছে, সর্বোচ্চ আদালতে দন্ডিত ব্যক্তি মন্ত্রী হিসেবে বহাল থাকতে পারে ? দন্ডিত মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রীসভা অনুষ্ঠিত হয় তাদের মুখে বিচার বিভাগের সমালোচনা করাটাও জাতির জন্য লজ্জাকর। এটাই স্বাভাবিক যে, দন্ডিত অপরাধীরা সত্য ও ন্যায় বিচার সহ্য করবে না। তারা আইনের শাসনের কথা শুনলেই আঁতকে উঠবে।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকেও গতকাল বিএনপির মহাসচিব মহোদয় আপনাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সর্বোচ্চ আদালতের রায় নিয়ে যে তিক্ত ও প্রতিহিংসামূলক সমালোচনা করেছেন সেটা তার চাকুরীর আচরণবিধির পরিপন্থী। তিনি চীফ জাস্টিস থাকা অবস্থায় একটি রায়ে বলেছিলেন-সর্বোচ্চ আদালতের বিচারকের অবসরের পরে লাভজনক কোন পদে চাকুরী করতে পারবে না। তিনি কত বড় ভন্ড হলে নিজের রায়ের কথা নিজেই ভঙ্গ করেছেন।’