খুলনা বিভাগের ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অসিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই ডাক্তারকে আটক করে দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে আসছিল অসিত কুমার। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান  চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারী পাড়ার গৌর গোপালের ছেলে।