বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে মঞ্চ কাঁপিয়েছিলেন বলিউড তারকা ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও কেকের মতো তারকারা। কিন্তু সর্বশেষ আসরে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে এবার ধামাকা নিয়ে আসছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশী শিল্পীদের পাশাপাশি ভারতের জনপ্রিয় গায়ক অরিজিত সিং। ইতিমধ্যেই অরিজিতের সাথে সব চূড়ান্ত হয়ে গেছে। সেই সাথে অনুষ্ঠানের বাকি অংশ মাতিয়ে রাখার জন্য বিপিএল গভর্নিং

কাউন্সিলের পছন্দ বলিউডের তিন শীর্ষস্থানীয় নায়িকা কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ ও শিল্পা শেঠিকে। আর তাই এদের সাথেও যোগাযোগ শুরু করে দিয়েছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে শেখ সোহেল বলেন, বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে এবার আমরা বড় করে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই। বাংলাদেশ থেকে যেমন রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা ও মমতাজ আপার সাথে আমরা কথা বলবো। সেই সাথে ভারত থেকে ইতোমধ্যেই অরিজিতের সাথে চূড়ান্ত হয়ে গেছে। এমনকি ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির সাথে যোগাযোগের চেষ্টা করছি।

সেই সাথে এপ্রসঙ্গে শেখ সোহেল আরও বলেন, আমাদের যে সময়, ওই সময়ে ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের শিডিউলে কিছুটা সমস্যা আছে। আমি গতকাল রাত দেড়টা পর্যন্ত কারিনা কাপুরের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছি। দুই একদিনের মধ্যে কারিনা কাপুরের বিষয়ে নিশ্চিত হতে পারবো।

তবে ক্যাটরিনা কাইফকে পাচ্ছে না বলেই তাদের প্রথম পছন্দ কারিনা কাপুর। আর যদি তাকেও না পাওয়া যায়, তাহলে শিল্পা শেঠিকে নিয়ে আসা হবে।