ঝিনাইদহের মহেশপুর থানার দুই এএসআই সফিকুজ্জামান ও সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মহেশপুরের নাটিমা এলাকার সূর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে হ্যান্ডকাপ হারানো ও গুলিবর্ষণের ঘটনায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে পুলিশের দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ওসি আহম্মদ কবীর খবরের সত্যতা নিশ্চত করে জানান, ‘কি ঘটনায় তাদের সাসপেন্ড করা হয়েছে তা আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গ্রামবাসী জানায়, গত বুধবার (২ আগস্ট) রাতে মহেশপুর উপজেলার সূর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামি ধরতে যান এএসআই সাইফুল ও সফিকুজ্জামান। সাদা পোশাকে থাকার কারণে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে সাইফুল নামে এক নাশকতা মামলার আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। পর দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সূর্য্যদিয়া গ্রামের সাইফুল ইসলাম, বাবু, শুকুর আলী, আসাদুল, হাফিজুর রহমান, নজির আলী, আরিফুল, লতা, মিলন হোসেন ও সফির নাম উল্লেখ করে ২৫ জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজহাবার আলী শেখ সাংবাদিকদের কাছে দুই এএসআই সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেন।