বেতনভাতাসহ কয়েক দফা দাবিতে রাজধানীর মিরপুর ১ নম্বরে রাস্তা বন্ধ করে বিক্ষোভকালে পুলিশের সাথে গার্মেন্টস কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) সহ ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
স্থানীয়রা জানায়, মেরিডিয়ান গার্মেন্টসের নয়জন শ্রমিককে কয়েক দিন আগে কর্তৃপক্ষ ছাঁটাই করে। সোমবার সকালে শ্রমিকরা গিয়ে দেখতে পান, তাদের কারখানাটি ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মিরপুর থেকে কারাখানাটি অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে বলেও শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়। কারখানার শ্রমিকদের বেতন প্রতি মাসে ১২ তারিখে দেওয়া হতো। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এ ব্যাপারে শাহআলী থানার ওসি আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন।
শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ শ্রমিক।





