বগুড়ায় মা-মেয়েকে নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। ‘ঝালকাঠি প্রতিবাদী নাগরিক মঞ্চ’র উদ্যোগে আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রতিবাদী নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রশান্ত দাস হরি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, সচেতন নাগরিক কমিটি সনাকের সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ সিকদার ফরহাদ, প্রতিবাদী নাগরিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা তেল-গ্যাস ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্যসচিব এস এম হুমায়ুন কবির, প্রতীক নাট্যগোষ্ঠীর সহসভাপতি কাজী শফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর হোসেন, কবিতা হাওলাদার ও শিক্ষার্থী লাম আলিফ খান।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।