রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে মাথাঘুরে পড়ে ট্রেনের এক পরিচর্যাকর্মীর মৃত্যু হয়েছে।আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
তার নাম লিয়াকত আলী (৫১)।তিনি ঢাকা জামালপুরগামী তিস্তা ট্রেনের পরিচর্যাকর্মী ছিলেন।
মৃত লিয়াকত আলী রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীর তৃতীয় তলা ভবনের এ-৫ নম্বর রুমে থাকতেন। তিনি দুই ছেলে তিন মেয়ে সন্তানের জননী ছিলেন। তিনি চাঁদপুর জেলার সদর থানার বাকিলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ রোববার সকাল সাড়ে সাতটার সময়ে সে মাথাঘুরে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক সময়ের কণ্ঠস্বরকে বলেন, এটা একটি দুর্ঘটনা মাত্র। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।





