গাজীপুরের কালীগঞ্জ উপজেলাতে সন্ত্রাসীর গুলিতে নিহত সাবেক প্রয়াত এমপির পুত্র হাবীবুর রহমান ফয়সাল মিয়ার (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. তৌহিদুল ইসলাম রিমন (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসিপি) মোহাম্মদ মহিউল ইসলাম রোববার এক খুদে বার্তায় এ তথ্য জানান। বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও খুদে বার্তায় জানানো হয়।
গত ১ আগস্ট রোববার দিবাগত আনুমানিক রাত ১০টায় পৌর এলাকার ভাদগাতী গ্রামে একটি মুদি দোকানে রিমন, ফয়সাল, নওশাদসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিল। এ সময় রিমনের কাছে থাকা পিস্তল দিয়ে ফয়সালকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলির শব্দ শোনে গিয়ে দেখে ফয়সালের নিথর দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফয়সালের বাবা প্রয়াত মোখলেছুর রহমান জিতু মিয়া ১৯৭৩ সালে কালীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবং ১৯৮৮ সালে স্বতন্ত্র পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।





