সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) বাইরে আর কোনও জোট গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, ‘আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনও জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্য কোনও দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’

বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পার্টির জোট গঠন নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘সম্প্রতি জোট গঠন সংক্রান্ত কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশিত হয়েছে। তার প্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনও জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্যকোনও দলকে অন্তর্ভূক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে উল্লেখ করে দলীয় প্রধান বলেন, ‘আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোটকে (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি। এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এই জোটকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগত ভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনও তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।’