ধর্ষণের শিকার ১২ বছরের শিশুটি এখন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ ইয়াসমিন ইসলাম। আজ শনিবার সকালে তার অস্ত্রপ্রচার হয়েছে।

শিশুটি শুক্রবার বিকেলে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপি’র কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া খোড়াবাড়ী গ্রামে ধর্ষণের শিকার হয়। শিশুটি এ সময় তার মামার বাসায় একা ছিলো। এই সুযোগে প্রতিবেশী যুবক জাকারিয়া (২০) তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ ইয়াসমিন ইসলাম জানান, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। আজ শনিবার সকালে অস্ত্রপ্রচার হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ জানায়, ধর্ষক জাকারিয়া পার্বতীপুর উপজেলার খোড়াবাড়ী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাকে গ্রেফতারের চেষ্টা চালছে।