বিদেশে চাকরি দেওয়ার কথা বলে রাজধানীর মিরপুরের একটি বাসায় গৃহবধূকে ৯ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট ) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত খোকন মোল্লা মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের এক গৃহবধূকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে গত ২৪ মে ঢাকায় নিয়ে যায় একই গ্রামের খোকন মোল্লা। সেখানে ৯ দিন গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ করেন তিনি এবং নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।
পরে ৩ জুন সেখান থেকে ধর্ষণের শিকার ওই গৃহবধূ পালিয়ে আসেন। এ ঘটনায় ১৭ জুলাই ঝিনাইদহের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ২৫ জুলাই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল আদালতে খোকন মোল্লাকে আসামি করে আলাদা দুটি মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলায় শুক্রবার রাতে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।





