সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা খালিদ ইনতেজারের (৪০) ঝুলন্ত লাশ তাঁর বাড়ি থেকে গতকাল রোববার সকালে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গত শনিবার গভীর রাতে পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
মির্জা খালিদ উল্লাপাড়া আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ মির্জার একমাত্র ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জা খালিদ গত শনিবার গভীর রাতে বাড়ি ফেরেন। এ সময় তাঁর মা ও স্ত্রী নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতে কোনো একসময় বাসার অপর একটি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মির্জা খালিদ আত্মহত্যা করেন। গতকাল সকালে স্বজনেরা তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রোকনুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি হেলাল উদ্দীন আহমেদ বলেন, স্বজনদের অনুরোধে লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।





