বাংলাদেশে আসছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস। চলতি বছরে নভেম্বরের শেষে তিন দিনের আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩১ বছরে কোনো পোপের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি পোপের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পোপকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বেনার নিউজের শুক্রবারের খবরে বলা হয়েছে, পোপের ওই সফর নিয়ে বৃহস্পতিবার ভ্যাটিকান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশি কর্মকর্তারা। মন্ত্রণালয়ের ইউরোপিয়ান ডেস্কের ইনচার্জ মোহাম্মদ খোরশেদ খস্তগীর বেনার নিউজকে জানান, ‘নভেম্বরের শেষ দিকে পোপ বাংলাদেশ সফরে আসবেন। নিরাপত্তার খাতিরে আমরা নির্দিষ্ট কোনও তারিখ বলছি না। তবে তিনি আসছেন এটা নিশ্চিত।’
তিনি আরও জানান, ‘আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। বৃহস্পতিবার ঢাকাস্থ ভ্যাটিকান মিশনের সঙ্গ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।’





