নরসিংদীতে চার যুবকের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক নারী শ্রমিক। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকাবাসী গণধোলাই দিয়ে ৩ ধর্ষককে পুলিশে দিয়েছে।

পুলিশ জানায়, নরসিংদীর সাটির পাড়া এলাকায় একটি পাওয়ারলুম কারখানায় কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন ওই শ্রমিক।

নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪ যুবক তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক শালিধা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ৪ যুবক রাতভর তাকে ধর্ষণ করে।

পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। তারা নির্যাতিতাকে উদ্ধার করে ধর্ষকদের গণধোলাই দেয়।

এ সময় স্থানীয়রা ৩ জনকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন।

সদর মডেল থানার ওসি তদন্ত সালাউদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় নির্যাতিতা ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিতে গ্রেফতারের চেষ্টা চলছে।