২২ কোটি ২০ লাখ ইউরো বা ২ হাজার ১২৯ কোটি টাকার রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।

বিশাল এক ট্রান্সফারফির বড় একটা অংশ যাবে বার্সা ও লা লিগা তহবিলে। তবে তারপরও বিপুল অর্থ থেকে যাবে নেইমারেরই। এ খবর পুরনো। তবে নতুন খবর হচ্ছে নেইমার আরও ৩০০ মিলিয়ন ইউরোর পেতে যাচ্ছেন পিএসজির মালিকের কাছ থেকে।

গতকাল বৃহস্পতিবার দলবদলের সব প্রক্রিয়া শেষ করে নেইমার এখন কাতারি ব্যবসায়ী নাসের আল খালাফির ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর খেলোযাড়। দলবদলের জন্য শর্তের পুরো টাকাই পরিশোধ করেছেন কাতারি এই ধনকুবের। তবে নাসের আল খালাফি ও নেইমারের মধ্যে এখনও আর্থিক লেনদেনের কিছু হিসাব বাকি আছে। তাহলে নেইমার আবার কিসের টাকা পাবেন তার কাছে?

গুজব বা খবর যাইহোক, শোনা যাচ্ছে আসন্ন ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নেইমারকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের (কিউএসআই) শুভেচ্ছা দূত করতে যাচ্ছেন নাসের আল খালাফি।

আর এজন্যই তিনি নেইমারের সঙ্গে আরও ৩০০ মিলিয়ন ইউরো বা ২ হাজার ৮৭৮ কোটি টাকার নতুন একটি চুক্তি করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম মুন্ডো দ্যা পোর্টিভ।

খবরে বলা হয়েছে, নেইমারকে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপের শুভেচ্ছাদূত করতে যাচ্ছে কাতারি কোম্পানি কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই)। এ বিষয়ে খুব শিগগিরই চুক্তি করতে চায় তারা। আর চুক্তি হয়ে গেলেই ২ হাজার ৮৭৮ কোটি টাকা পাবেন নেইমার।

তবে এ টাকা তিনি একসঙ্গে পাবেন না। প্রথমে ৫৭৬ কোটি টাকা পাবেন। বাকিটা পরে দেওয়া কিস্তিতে দেওয়া হবে।