মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ফোনালাপের সময় বলেছিলন, আমিই বিশ্বের সবচেয়ে সেরা ব্যক্তি এবং আপনি আমার তুলনায় অধম।

জানুয়ারি মাসে এ রকম অশোভন বাক্যালাপ হয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। দৈনিকটির অনলাইন সংস্করণে বৃহস্পতিবার এ ফোনালাপের লিখিত অনুলিপি ফাঁস করে দেয়া হয়।

এছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে ফোনালাপের সময় তিনি বলেন, সীমান্ত প্রাচীর তৈরির অর্থ মেক্সিকো যোগাতে না চাইলে আপনার মুখ আর কখনোই দেখতে চাই না। মেক্সিকো সীমান্ত প্রাচীরের অর্থ দেবে না এটা আমি মেনে নিতে পারবো না।

ট্রাম্প শপথ গ্রহণের মাত্র এক সপ্তাহ পরে এই দুই নেতার সঙ্গে ফোনালাপ করেন। নিয়েটোর সঙ্গে ট্রাম্প কথা বলেছিলেন ২৭ জানুয়ারি এবং টার্নবুলের সঙ্গে কথা বলেন ২৮ জানুয়ারি। ফেব্রুয়ারি মাসে দুই নেতার সঙ্গে উত্তপ্ত বাক্যালাপের খবর প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। টুইটার বার্তায় ট্রাম্প তখন দাবি করেছিল, অত্যন্ত সুশীল আলোচনা নিয়ে ভুয়া মাধ্যম মিথ্যা খবর প্রচার করছে।