খুলনার পাইকগাছার রাড়লীতে মস্তিক বিকৃত পুত্রের হাতে পিতা খুন হয়েছে। ঘটনায় জড়িত প্রল্লাদকে পুলিশ আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেলার পাইকগাছা উপজেলার রাড়লী ইউপির বাঁকা বাজারের জুয়েলারী ব্যবসায়ী ভবানীপুর গ্রামের নির্মল অধিকারী (৬০) তার মস্তিক বিকৃত পুত্র প্রল্লাদ অধিকারীকে (৩৫) নিয়ে প্রতিদিনের ন্যায় নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২টার দিকে প্রল্লাদ ঘরে থাকা কুড়াল দিয়ে পিতা নির্মল অধিকারীর মাথার বামপাশের কান বরাবর কুড়াল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নির্মলের মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বেশ কিছু দিন আগে প্রল্লাদ পাবনার মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ীতে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রল্লাদকে আটক করে।
এদিকে শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন। ওসি আরো জানান, হত্যাকান্ডে ব্যবহৃত কুড়ালও জব্দ করা হয়েছে।





