সংবিধানের ১৬তম সংশোধনীর বিষয়ে আপিল বিভাগের রায়ের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আদালতের এ পর্যবেক্ষণের পর লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে।’ বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, বিচারব্যবস্থা এখন নিস্তেজ হয়ে পড়েছে। সরকার যেন অসহায় হয়ে পড়েছে। দেশে সুশাসন নেই, খুন গুমে দেশ ছেয়ে গেছে।
মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির জন্য লজ্জার বলে মন্তব্য করে পার্টির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী আমাকে দূত পদ দিয়ে সম্মান দিয়েছেন। তাকে বলেছি পদত্যাগের বিষয়ে। উনি আমাকে জানাতে চেয়েছেন। তার আগে পদত্যাগ করে ওনাকে অসম্মান করতে চাই না।
ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) তুফান সরকারের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তুফান আওয়ামী লীগের কেউ না। গঠনতান্ত্রিকভাবে এটি গ্রহণযোগ্য হলেও রাজনৈতিকভাবে খোলা চোখে মানুষ মনে করে, শ্রমিক লীগ আওয়ামী লীগের অংশ। এই তুফান সরকার কী করে শ্রমিক লীগের নেতা হন। তাঁর ভাই মতিন সরকার কী করে যুবলীগের নেতা হন।
এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না, তা জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত এই কমিশনের পরীক্ষা হয়নি। ভবিষ্যতে বোঝা যাবে।





