হজ ফ্লাইট নিয়ে সৃষ্ট জটিলতার জন্য এজেন্সিগুলো দায়ী বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিয়মানুযায়ী হজ ফ্লাইট শুরু হওয়ার প্রথম দশ দিনেই অধিকাংশ হজযাত্রী চলে যাওয়ার কথা। কিন্তু এবার সেটা হয়নি। ৯১টি হজ এজেন্সির মোয়াল্লেম ফি বৃদ্ধি ও ভিসা জটিলতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস পর্যাপ্ত হজযাত্রী পাচ্ছে না। গত পাঁচ দিনে দুটি এয়ারলাইনসের ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত পাঁচ দিনে দুটি বিমান সংস্থার হজযাত্রী পরিবহন ক্ষমতা কমেছে প্রায় পাঁচ হাজার। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এক সংবাদ সম্মেলনে হজযাত্রী পাঠানো নিয়ে জটিলতার কথা জানান।
হজযাত্রীদের পাঠানোর ব্যাপারে সরকারের আন্তরিকতার কথা জানাতে আজকের সংবাদ সম্মেলন ডাকেন ধর্মমন্ত্রী। তিনি জানান, সরকার প্রতিটি হজযাত্রীকে যথাসময়ে পাঠানোর চেষ্টা করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, একজন হজযাত্রীও থাকবেন না, সবাই যেতে পারবেন।
মন্ত্রী বলেন, ‘এ বছর হজে যাওয়ার জন্য ৯৭ হাজার হজযাত্রী তালিকাভুক্ত হলেও এখন পর্যন্ত ৫২ হাজার ৬০০ জনের ভিসা সম্পন্ন হয়েছে। ৩২ হাজার ৫০৪ জন সৌদি আরব পৌঁছেছেন। বাকিদের পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার।’
ধর্মমন্ত্রী আরো জানান, আগামী ১৭ আগস্টের মধ্যে হজযাত্রী সবাই ভিসা পেয়ে যাবেন। এ ব্যাপারে সবাইকে সরকারের ওপর আস্থা রাখতে বলেছেন মন্ত্রী।





