বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের মহারাষ্ট্রে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন। মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম বিধায়কের তীব্র বিরোধিতার মুখে তাকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে।
শনিবার দিল্লি থেকে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আওরঙ্গাবাদ পৌঁছেন তসলিমা নাসরিন। এসময় বিমানবন্দরের বাইরে কয়েকশ’ ‘মিম’ সমর্থক জড়ো হয়ে ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ ধ্বনি দেন। এছাড়া বিক্ষোভকারীরা তসলিমা ফিরে যাও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘তসলিমা নাসরিন মুর্দাবাদ’, ‘তসলিমা গো ব্যাক’, ‘তসলিমা, হায়! হায়!’ স্লোগান দেন।
বিক্ষোভ দেখে পুলিশ কর্মকর্তারা তসলিমাকে বিমানবন্দরের বাইরে বেরোতে নিষেধ করেন এবং তাকে আওরঙ্গাবাদে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করার পরামর্শ দেন।
তসলিমা তার মেয়েকে নিয়ে অজন্তা গুহা দেখতে আওরঙ্গাবাদ গিয়েছিলেন। কিন্তু আওরঙ্গাবাদ সেন্ট্রাল কেন্দ্রের ‘মিম’ বিধায়ক ইমতিয়াজ জলিল তসলিমার বিরোধিতা করেন এবং তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন।
অবশেষে প্রবল চাপের মুখে তসলিমা তার কর্মসূচি বাতিল করতে বাধ্য হন।





