নেইমারকে বার্সেলোনা থেকে পিএসজিতে উড়িয়ে নিতে দানি আলভেসই পেছন থেকে সবচেয়ে বড় কলকাঠি নাড়ছেন। এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবল অঙ্গনে। তবে দুদিন আগে বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার সেই গুঞ্জন উড়িয়ে দেওয়ার চেষ্টাই করেছিলেন।
বলেছিলেন নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজি যোগ দেওয়ার গুঞ্জনের পেছনে তার কোনো ভূমিকা নেই। দুই দিনের ব্যবধানে সেই আলভেসই বোমা ফাটালেন। বললেন, দলবদল প্রসঙ্গে স্বদেশী নেইমারকে তিনি বলেছেন, এই বিশ্ব সাহসীদের জন্য। ক্যারিয়ার বা জীবনের বাক ঘুরানোর জন্য কখনো কখনো সাহসী সিদ্ধান্ত নিতে হয়। পরামর্শ দিয়েছেন স্বার্থপর হওয়ার।
কদিন আগেই জুভেন্টাস ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আলভেস। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফরাসি ক্লাবটির হয়ে আলো ছড়ালেন অভিষেক ম্যাচেই। শনিবার রাতে মোনাকোকে ২-১ গোলে হারিয়ে মৌসুমসূচক ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। দলের দুটি গোলেই অবদান রেখেছেন আলভেস। একটি গোল নিজে করেছেন। অন্যটি সতীর্থকে দিয়ে করিয়েছেন। স্বাভাবিকভাবেই এমন স্বপ্নময় অভিষেকে উচ্ছ্বসিত আলভেস।
আনন্দ-উচ্ছ্বাসের সেই প্রতিক্রিয়া জানাতে গিয়েই আলভেসকে কথা বলতে হলো নেইমারের পিএসজিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গেও। আলোচনায় উঠে আসে পেছনে থেকে তার কলকাঠি নাড়ার গুঞ্জনের প্রসঙ্গটিও। আলভেস গরগর করে বলে ফেললেন, ‘আমি তার সঙ্গে প্রতি দিনই কথা বলি। তবে তার অধিকাংশই ফুটবলের বাইরের প্রসঙ্গ নিয়ে। আমি সব সময় ওকে শান্ত থাকতে বলি। কারণ, চার দিক থেকে মানুষ যেসব কথা বলাবলি করছে, তাতে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটা ওর জন্য জরুরী।’
আলভেসের পেশাদার ক্যারিয়ারের বয়স ১৭ চলছে। দীর্ঘ এই ক্যারিয়ারে খেলেছেন বাহিয়া, সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবে। এবার নাম লিখিয়েছেন পিএসজিতে। দীর্ঘ ক্যারিয়ারে আলভেস বেশ ভালোভাবেই বুঝেছেন, পেশাদারিত্বের এই দুনিয়ায় ক্লাবগুলো বড় বেশী স্বার্থপর! নিজেদের লাভের অঙ্ক কষতে গিয়ে ক্লাবগুলো খেলোয়াড়দের ভালোর দিকটা খুব কমই ভাবে! ছোট ভাই-বন্ধু নেইমারকে তাই পরামর্শ দিয়েছেন, ‘তোমাকে স্বার্থপর হতে হবে। কারণ ক্লাব কখনোই তোমার কথা ভাববে না, তা তুমি যত ভালোই পারফরম্যান্স করো। আমিই তার সবচেয়ে বড় দৃষ্টান্ত।’
আলভেস বার্সেলোনায় কাটিয়েছেন দীর্ঘ ৮টি বছর। ন্যু-ক্যাম্পকে মনে করেছিলেন নিজের ঘর। তাই সব সময়ই নিজেকে উজাড় করে দিয়ে খেলেছেন। কিন্তু সেই বার্সাও লাভের অঙ্ক কষে ২০১৬ সালে তাকে বিক্রি করে দেয় জুভেন্টাসের কাছে! ক্লাব স্বার্থপর হলে, খেলোয়াড়রা কেন হবে না? বন্ধু নেইমারের প্রতি তাই তার উপদেশ, ‘আমি তাকে একটা কথাই বলেছি, তোমাকে সাহসী হতে হবে। এই বিশ্ব সাহসীদের জন্য। নিতে হতে সাহসী সিদ্ধান্ত। আমার মনে হয় বার্সেলোনা ছেড়ে, জুভেন্টাস ছেড়ে আমি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছি। ক্যারিয়ারের উন্নতিটা ধরে রাখতে এখন সিদ্ধান্তটা তাকেই নিতে হবে।’
একটু দম নিয়ে আলভেস যোগ করেছেন, ‘আমি চাই, যেখানেই থাকুক, আমার বন্ধুটি ভালো থাকুক।’ নেইমার বার্সেলোনাতেই থাকবে নাকি পিএসজিতে যোগ দেবে, এই প্রসঙ্গে আলভেসের কথা সিদ্ধান্ত নিতে হবে নেইমারকেই। তবে তিনি ব্যক্তিগতভাবে আশাবাদী নেইমার শেষ পর্যন্ত বার্সা ছেড়ে পিএসজিতেই যোগ দেবেন, ‘আশা করি এটা ঘটবে(নেইমার পিএসজির সঙ্গে চুক্তি করবে)। তবে আমি তার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিছু করব না। এটা তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা এমন একটা সিদ্ধান্ত, যা মানুষকে নিতেই হয়। সে আমার অন্যতম সেরা ভালোবন্ধু। আমি সব সময়ই চাই সে আমার ক্লাবেই খেলুক। তবে আমি তার সিদ্ধান্তের ব্যাপারে নাক গলাবো না।’
২০১৩ সালে রিয়াল মাদ্রিদের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে নেইমার বার্সায় যোগ দিয়েছিলেন এই দানি আলভেসের অনুপ্রেরণাতেই। সে কথা উল্লেখ করে আলভেস বলেছেন, ‘আমি তাকে বার্সেলোনায় আসতে সাহায্য করেছিলাম। তবে সিদ্ধান্ত আমি নিইনি। আমি তাকে শুধু ক্লাব বার্সেলোনা কেমন সেটাই বুঝিয়ে ছিলাম। সেটা শুনে সিদ্ধান্তটা নিয়েছিল সেই। এবারও সিদ্ধান্তটা নিতে হবে তাকেই। কারণ, জীবনটা তার।’
গত কয়েক দিনের কথা-বার্তার সঙ্গে আলভেসের এই বক্তব্য মেলানোর পর ধরেই নেওয়া যায়, বার্সা ছেড়ে পিএসজিই যোগ দিতে যাচ্ছেন নেইমার।





