মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষ সমতায় দেশকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে তখন অন্যদিকে খালেদা ও তারেক জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নতুন নীল নকশা তৈরি করছেন।
রোববার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সময় পেলে বেশি বেশি ক্রীড়া চর্চা করা উচিত। এতে করে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি খারাপ চিন্তা থেকেও মানুষকে দূরে রাখে।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ ফেরদৌস মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, হাসান শরীফ খান ববি, যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।





