হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম দেশে ফিরেছেন। তুরস্কের আংকারায় অনুষ্ঠিত ২ দিন ব্যাপী কাউন্সিল অফ হায়ার এডুকেশন আয়োজিত কনফারেন্স অফ হায়ার এডুকেশন অব দ্যা ইসলামিক ওর্য়াল্ড এ অংশ গ্রহণ শেষে শনিবার দেশে ফিরেন।

ভিসি তুরস্কে অবস্থানকালে তুরস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

সম্প্রতি তুরস্কের উচ্চশিক্ষা বিষয়ক একটি টিম বাংলাদেশ সফর করেন। এ সময় তুরস্কের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি তুরস্ক সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে ১৭ জন শিক্ষার্থীকে তুরস্কে স্কলারশীপসহ পড়াশুনার সুযোগ প্রদান করবে।

তুরস্কে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরী, ভিসিগণের সম্মেলনে অংশ গ্রহণ, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনসহ তুরস্কের উচ্চশিক্ষার কার্যক্রম পরিদর্শনের জন্য ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম তুরস্ক সফর করেন। সম্মেলনে বিশ্বের ৩০ টি দেশের ১২০ জন ভাইস-চ্যান্সেলর ও শিক্ষাবিদ অংশ গ্রহণ করেন।

একাডেমিক সফরের অংশ হিসেবে গত ২৫ জুলাই ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম তুরস্কের উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করেন। ২৬ জুলাই সকাল সাড়ে ১০টায় তুরস্কের প্রেসিডেন্ট সম্মেলনের উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী সকলের সম্মানে প্রেসিডেন্সিয়াল প্যালেসে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। ২৬ ও ২৭ জুলাই তুরস্কের বিলকেন্ট হোটেলে অনুষ্ঠিত বিশ্বের ভিসিদের ফোরামে তিনটি সেশনে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এবং কোয়ালিফিকেশন এজেন্সিস বিষয়ে বক্তব্য প্রদান করেন।

ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম এর তুরস্ক সফরকালে তুরস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ ইউনিভার্সিটি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম এবং তুরস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ ইউনিভার্সিটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি (রেক্টর) প্রফেসর ড. আহমেদ পিনারবাসি।

সমঝোতা স্বারক অনুযায়ি দুটি বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থী বিনিময়, যৌথ সাংস্কৃতিক কার্যক্রম, যৌথ ডিগ্রি প্রদানসহ বিভিন্ন একাডেমি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি এসব একাডেমিক কার্যক্রমের আর্থিক ব্যয়ভার বহন করবে তুরস্ক সরকার।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনয়নে দেশের ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন ভিসি, বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ১ জন ভিসি এবং ইউজিসির একজন সদস্যসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে সম্মেলনে অংশ নেয়ার জন্য গত ২৫ জুলাই ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম তুরস্কে গমন করেন।