২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
‘টেকসই উন্নয়নে পানি’ সম্মেলনের এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সোনারগাঁও হোটেলে পানি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তাসহ এসডিজির সাতটি অভিষ্ঠ লক্ষ্য সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশের মন্ত্রী- প্রতিমন্ত্রীসহ ৮২ জন বিদেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলন আয়োজনের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর শতকরা ৯০ ভাগ বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে পানি। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যর শতকরা ৭০ ভাগই সংগঠিত বন্যা ও অন্যান্য পানি সংক্রান্ত দুর্যোগে। বিশুদ্ধ খাবার পানি শুধু আমাদের বেঁচে থাকার জন্য নয়, বরং এটি আমাদের জীবনে অপরিহার্য। তাই পানির অপর নাম জীবন।
পানির প্রাপ্যতা, ব্যবহার ও প্রতিবেশগত বিষয় নিয়ে একশ বছর মেয়াদী ‘বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।





