‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’ পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার গ্রহণ করতে আজ শনিবার বিকেলে কলকাতা যাচ্ছেন তিনি।
সব আয়োজন শেষে আগামী ৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে টাইগার অধিনায়কের।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা বাঙালিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। এবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফি।
ভারতের এবিপি মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশ্বমঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করেছেন মাশরাফি বিন মুর্তজা। তাই তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এর আগে ২০০৯ সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে একই পুরস্কারে পুরস্কৃত হন হাবিবুল বাশার। আর ২০১২ সালে পুরস্কার জেতেন সাকিব আল হাসান। এর আগে এই পুরস্কার পান নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও।





